ইরানে পা রাখলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হওয়ার পর শনিবার তেহরান পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ওই আলোচনা স্থগিত করা হয়েছে এবং নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
তাসনিম সংবাদ সংস্থাসহ ইরানি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এর আগে আইএসএনএ সংবাদ সংস্থাকে বলেন, “ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার দুপুরে ইরানে পৌঁছাবেন।”
বাকায়ির মতে, সফরকালে নকভি তার ইরানি সমকক্ষ এসকান্দার মোমেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
এই সপ্তাহে ঘোষিত চুক্তির আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ প্রচেষ্টায় কাতারও যুক্ত ছিল।
ইরান বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, শত্রুতা অবসানের লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি তারা আরও বিস্তৃত একটি চুক্তি নিয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যেতে চায়, যার মধ্যে ইরানের দীর্ঘদিন ধরে বিতর্কিত পারমাণবিক কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে।
