যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি চূড়ান্ত সমঝোতার পথে আলোচনার সুযোগ তৈরি করতে স্বাক্ষরিত চুক্তিকে “ঐতিহাসিক” বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল এবং একটি শক্তিশালী ইরানের বার্তা: পারস্পরিক সম্মানের ভিত্তিতেই শান্তি প্রতিষ্ঠিত হবে।
পোস্টের সঙ্গে প্রকাশিত নথিতে তার স্বাক্ষরের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী শাহবাজ শরিফের স্বাক্ষরও ছিল।
সপ্তাহের শুরুতে চুক্তি নিয়ে সমঝোতা হওয়ার পর এটি কখন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বুধবার প্যারিসের বাইরে অবস্থিত ভার্সাই প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোমবাতির আলোয় আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প ঘন কালো কালি দিয়ে নথিতে স্বাক্ষর করেন।
এখন শুরু দুই মাসের আলোচনা
চুক্তি স্বাক্ষরের পর এখন দুই মাসব্যাপী আলোচনা পর্ব শুরু হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর থাকবে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে— হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয় কি না এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় কতটা অগ্রগতি হয়।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তার পারমাণবিক কর্মসূচির আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
