হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গী হতে পারে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সুরক্ষার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনায় তারা অংশ নিতে পারে। তবে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এখনও কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা চূড়ান্ত হয়নি এবং আলোচনা চলমান রয়েছে।

কাউন্সিল অন ফরেন রিলেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, “বাণিজ্যের প্রবাহ এবং জ্বালানির প্রবাহ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

গারগাশ আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষ হলে এমন একটি ব্যবস্থা প্রয়োজন হবে, যাতে ইরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচি ব্যবহার করে “অঞ্চলকে আতঙ্কিত” করতে না পারে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ ইরান কার্যত এই পথটি অবরুদ্ধ করে রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে একত্রিত করে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচল করানো যায়।