সৌদিতে ইরানি হামলার নিন্দা জানাল মিশর
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এসময় তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরে মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, আল-সিসি কথোপকথনের শুরুতেই বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদি আরবের প্রতি কায়রোর পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানান।
আল-সিসি জোর দিয়ে বলেন, সব আরব দেশের সার্বভৌমত্ব এবং তাদের জনগণের সম্পদের প্রতি সম্মান দেখানো প্রয়োজন।
আল-সিসির মুখপাত্র মোহাম্মেদ আল-সেনাউয়ি জানান, আল-সিসি আঞ্চলিক উত্তেজনা কমাতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সঙ্গে মিশরের চলমান যোগাযোগ সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, মিশর ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে “অভিন্ন ভাগ্য” রয়েছে এবং তাদের জাতীয় নিরাপত্তা “অবিচ্ছেদ্য।”
মিশরের প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বর্তমান উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সৌদি আরব যে উদ্যোগ নিচ্ছে—বিশেষ করে সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে—তার প্রশংসা করেন।
অন্যদিকে সৌদি ক্রাউন প্রিন্স মিশরের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে “ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ” সম্পর্কের ওপর জোর দেন। তিনি আরব দেশগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে মিশরের ভূমিকাকেও প্রশংসা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে আরব দেশগুলোর সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ আরব প্রচেষ্টা জোরদার করা এবং আরব জাতীয় নিরাপত্তা ধারণাকে শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সমর্থনে তাদের সরকারগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।
