ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপকে হুমকি দিয়েছে ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড খাতাম আল-আম্বিয়া’র মুখপাত্র সোমবার বলেছেন, ইউএসএস জেরাল্ড ফোর্ড (USS Gerald Ford) বিমানবাহী রণতরীকে কার্যকর রাখার জন্য যে লজিস্টিক ও সার্ভিস সেন্টারগুলো কাজ করছে, সেগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিওতে ইব্রাহিম জোলফাকারি বলেন, “লোহিত সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ইরানের জন্য একটি হুমকি। সে অনুযায়ী, ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপের লজিস্টিক ও সার্ভিস সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে।”

বর্তমানে ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে অবস্থান করছে এবং অপারেশন এপিক ফিউরিকে (Operation Epic Fury) সমর্থন দিচ্ছে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং আরও ডজনখানেক ইরানি কর্মকর্তা নিহত হন।