ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়া হয়েছে। তিনি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে। খবর বিবিসির।

অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একজন সদস্য হোসেইন আলি এশকেভারি বলেছেন, ‘‘খামেনির নামের ধারা অব্যাহত থাকবে।” এই ধর্মীয় পরিষদই ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচন করে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এ কথা বলেন এশকেভারি। তিনি বলেন, “ভোট দেওয়া হয়ে গেছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে,” তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

আরেকজন আলেম আহমদ আলামোলহোদা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, পরিষদের সেক্রেটারি আলি খামেনির উত্তরসূরির নাম ঘোষণা করবেন। আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন।

এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ব্যাপারে ওয়াশিংটনেরও মতামত থাকা উচিত। তিনি এবিসি নিউজকে বলেন, “যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশি দিন টিকতে পারবে না।”

গত সপ্তাহে দুটি ইরানি সূত্র রয়টার্সকে জানায়, মোজতবা খামেনি—যিনি তার বাবার সময়ে ইরানের নিরাপত্তা বাহিনী ও বিশাল ব্যবসায়িক নেটওয়ার্কে প্রভাব গড়ে তুলেছেন—তিনি এখনও সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। তাকে বেছে নেওয়া হলে বোঝাবে যে কট্টরপন্থিরা এখনও দৃঢ়ভাবে ক্ষমতায় রয়েছে।