চুলের জট ছাড়ানোর সমাধান লুকিয়ে রয়েছে ঘরোয়া প্রাকৃতিক কন্ডিশনারে
ব্যস্ততার কারণে অনেকেই ত্বক ও চুলের সঠিক যত্ন নেওয়ার সময় পান না। এতে চুল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। জট পাকে চুলে। বিশেষ করে গরমের সময় চুলে অতিরিক্ত ঘাম, ধুলো ও রোদ লাগার কারণে স্ক্যাল্পের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এর ফলে চুল শুষ্ক ও অগোছালো দেখাতে শুরু করে।
তাই চুল মসৃণ করতে অনেকেই বাজারের দামি কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু এসব পণ্যে থাকে বিভিন্ন রাসায়নিক উপাদান, যা দীর্ঘদিন ব্যবহারে চুলের ক্ষতিও হতে পারে।
তবে খুব সহজ কিছু ঘরোয়া উপাদান দিয়েই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার তৈরি করা সম্ভব। এই ঘরোয়া কন্ডিশনার চুলকে রাখে নরম, মসৃণ ও স্বাস্থ্যকর। আবার রাসায়নিক না থাকায় চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে আসে।
ঘরে তৈরি কন্ডিশনার উপকরণ
মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন ঘরোয়া কন্ডিশনার। এতে চুলের স্বাস্থ্য সুরক্ষিত থাকার পাশাপাশি বাঁচবে পকেটের টাকাও। যেসব উপকরণ দিয়ে বানাবেন ঘরোয়া কন্ডিশনার।
*অ্যালোভেরা জেল
*মধু
*আধা পাকা কলা (ম্যাশ করা)
*নারকেলের দুধ
এসব উপাদানই চুলের জন্য খুব উপকারী এবং সহজেই বাড়িতে পাওয়া যায়।
যেভাবে বানাবেন ঘরোয়া কন্ডিশনার
প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে তাতে অ্যালোভেরা জেল বের করে রাখুন। এরপর আধা পাকা একটি কলা ভালোভাবে মোথে (ম্যাশ) করে সেই বাটিতে রাখুন। এবার এর সঙ্গে এক চামচ মধু এবং ২-৩ চামচ নারকেলের দুধ মিশিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ ও ক্রিমি পেস্ট তৈরি করুন।
খেয়াল রাখতে হবে, পেস্টটি যেন খুব মসৃণ হয়, যাতে চুলে লাগানোর সময় কোনো লাম্পস না থাকে। তাই চাইলে ব্লেন্ডার ব্যবহার করেও এই মিশ্রণটি তৈরি করা যেতে পারে। সবকিছু ভালোভাবে মিশে গেলেই প্রস্তুত হয়ে গেল প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার।
কীভাবে ব্যবহার করবেন?
ঘরোয়া কন্ডিশনার ব্যবহারের আগে চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ভেজা চুলে এই কন্ডিশনারটি গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান। প্রায় ১০ মিনিট চুলে রেখে দিন, যাতে উপকরণগুলোর পুষ্টি চুলে ভালোভাবে পৌঁছায়।
সপ্তাহে ১-২ বার এই ঘরোয়া কন্ডিশনার ব্যবহার করলে ধীরে ধীরে চুলের শুষ্কতা কমে আসবে। নিয়মিত ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ এবং উজ্জ্বল। পাশাপাশি কমবে চুলের ড্যামেজ। আবার এতে দু’মুখো চুলের সমস্যাও কমবে।
প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঘরোয়া কন্ডিশনার চুলের যত্নে একেবারেই নিরাপদ এবং কার্যকর একটি উপায়।
