মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকি, অভিযুক্ত গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার জানিয়েছে, একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জানুয়ারিতে ওহাইও সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

ওহাইওর টোলেডো শহরের বাসিন্দা শ্যানন ম্যাথ্রে-র বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্টের “প্রাণনাশের হুমকি দেওয়া এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেওয়ার” অভিযোগ আনা হয়েছে বলে বিচার বিভাগের বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ম্যাথ্রে নাকি বলেছেন, তিনি “ভাইস প্রেসিডেন্ট কোথায় থাকবেন তা খুঁজে বের করবেন এবং আমার এম১৪ স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে তাকে হত্যা করবেন।” তবে তিনি কোথায় এই মন্তব্য করেছিলেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

শুক্রবার মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা ম্যাথ্রেকে গ্রেপ্তার করে।

এই হুমকির ঘটনাটি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে ঘিরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা।

ভ্যান্স জানুয়ারির শুরুতে বলেছিলেন, “একজন উন্মাদ ব্যক্তি” তার ওহাইওর বাড়িতে জানালায় হাতুড়ি মেরে ভাঙার চেষ্টা করেছিল। সে সময় ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবার বাড়িতে ছিলেন না। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনায় ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়।

বিচার বিভাগ আরও জানায়, ভ্যান্সের বিরুদ্ধে হুমকির অভিযোগ তদন্তের সময় ম্যাথ্রের কাছে “শিশু যৌন নির্যাতনের একাধিক ডিজিটাল উপকরণ” পাওয়া গেছে।

শুক্রবার ম্যাথ্রে যুক্তরাষ্ট্রের নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ওহাইওর এক ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে প্রথমবারের মতো আদালতে হাজির হন।

বিচার বিভাগের মতে, আগামী ১১ ফেব্রুয়ারি আটক সংক্রান্ত শুনানি হওয়া পর্যন্ত ম্যাথ্রে হেফাজতেই থাকবেন।