লবণের দানার চেয়ে ছোট রোবট!
বিশ্বের সবচেয়ে ছোট স্বয়ংক্রিয় রোবট উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। এই রোবট এতটাই ক্ষুদ্র যে খালি চোখে সহজে দেখা যায় না। আকারে এটি লবণের দানার চেয়ে ছোট। তবু এটি নিজে নিজে কাজ করতে পারে। আবার এতে প্রোগ্রামও করা যায়।
পেনসিলভানিয়া ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে এই রোবট তৈরি করেছেন। তাদের দাবি, এত ছোট একটি যন্ত্রে একসঙ্গে প্রসেসর, মেমোরি, সেন্সর এবং প্রোপালশন সিস্টেম যুক্ত করার ঘটনা এটাই প্রথম। এটি বিশ্বের সবচেয়ে ছোট প্রোগ্রামেবল রোবট, যা তরল পদার্থের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে।
রোবোটিকস ও ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে চিকিৎসা, উৎপাদন এবং স্মার্ট সিস্টেমে এর ব্যবহার হতে পারে। এই মাইক্রো রোবটের আকার মাত্র ২০০×৩০০×৫০ মাইক্রোমিটার।
এত ছোট হলেও রোবটটির ভেতরে একটি অনবোর্ড কম্পিউটার রাখা হয়েছে। এই মাইক্রোস্কোপিক কম্পিউটারে প্রসেসর, মেমোরি ও সেন্সর যুক্ত আছে। রোবটটি খুব কম শক্তিতে কাজ করতে পারে। এতে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে সোলার সেল।
এর অনবোর্ড কম্পিউটার মাত্র ৭৫ ন্যানো ওয়াট শক্তিতে চলে, যা একটি স্মার্ট ওয়াচের তুলনায় প্রায় এক লাখ গুণ কম। এই সামান্য বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল রোবটটির বেশির ভাগ জায়গা দখল করে রেখেছে।
এই মাইক্রোরোবট নিজে নিজে অভিনব একটি প্রোপালশন সিস্টেম ব্যবহার করে পানির মধ্যে চলাচল করে। আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারে এবং এটি বিশেষভাবে তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম। কারণ, এর সার্কিটে একটি তাপমাত্রা সেন্সর যুক্ত আছে।
