ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইস্তাম্বুলে সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন বলে সোমবার একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়ে আসছেন। এই বৈঠকের উদ্দেশ্য হলো তাদের বক্তব্য শোনা।”
একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাও রয়টার্সকে জানান, আরাগচি ও উইটকফ শুক্রবার ইস্তাম্বুলে বৈঠক করবেন। রয়টার্স বলছে, শুক্রবারের এই যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকে কয়েকটি আঞ্চলিক দেশও উপস্থিত থাকতে পারে। সংস্থাটি এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবারের পরিকল্পিত এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস।
ইরানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সামরিক উপস্থিতি বাড়ানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযান চালানো হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্প বিক্ষোভ দমনের সময় হস্তক্ষেপের হুমকি দিলেও শেষ পর্যন্ত তা করেননি। এরপর তিনি তেহরানকে পারমাণবিক বিষয়ে ছাড় দেওয়ার দাবি জানান এবং ইরানের উপকূলে একটি নৌবহর পাঠান। গত সপ্তাহে তিনি বলেন, ইরান “গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছে।” অন্যদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেন, আলোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
