ইরানে যেকোনো সময় মার্কিন হামলার শঙ্কা

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও স্ট্রাইট গ্রুপ প্রবেশের পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে আলোচনায় আগ্রহী বলে তিনি মনে করছেন। যদিও যেকোনও ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানে গত ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভ দমনে কঠোর অভিযান পরিচালনা করায় তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেনি ওয়াশিংটন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে দুই সপ্তাহের বেশি সময়ের বিক্ষোভ-সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। তবে এর নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

চলতি মাসের শুরুতে ইরান যখন বিক্ষোভ দমনে অভিযান শুরু করে এবং ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয়, তখন থেকেই হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পের বক্তব্যে মিশ্র ইঙ্গত পাওয়া গেছে। বাইরের হস্তক্ষেপই কেবল ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে পরিবর্তন করতে পারে বলে দেশটির বিরোধীরা বলছেন।