জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। পিয়ংইয়ংকে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনার মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলের বাইরে সাগরের দিকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র।

পৃথকভাবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর কোনও প্রভাব ফেলবে না।