স্বর্ণের রাস্তা নির্মাণ করছে আমিরাত

বিশ্বের প্রথম গোল্ড স্ট্রিট বা স্বর্ণের রাস্তা বানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে নির্মিত হবে এই রাস্তা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই চমকপ্রদ ঘোষণা দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিজিক্যাল গোল্ড বা ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে।

আমিরাতের এই নতুন হোম অব গোল্ড বা স্বর্ণের আবাসস্থল হিসেবে পরিচিত ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা একই ছাতার নিচে পাওয়া যাবে।

এর আওতায় খুচরা বিক্রি, বুলিয়ন (স্বর্ণের বার), পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবা অন্তর্ভুক্ত রয়েছে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে বর্তমানে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ১ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।

ইতোমধ্যেই সেখানে জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো নামি ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম খোলার পরিকল্পনা ঘোষণা করেছে, যা হবে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।