বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, বিশ্বনেতাদের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর পর থেকেই বিশ্বনেতারা শোকবার্তা পাঠাতে শুরু করেন। সেই তালিকায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মালদ্বীপ, ভুটান থেকে শুরু করে রয়েছে পাকিস্তানও। এমনকি বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন।

বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। এছাড়া ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই শোক প্রকাশ করেন তিনি। পোস্টে বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবীণ নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মর্মাহত বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

এর আগে খালেদা জিয়া মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি জানায়, ফজরের নামাজের পর স্থানীয় সময় সকাল প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, বাত, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া তার জানাজার জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কর্মসূচি ঘোষণা করেন।