পশ্চিম তীরে বড় পরিসরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি সেনাবাহিনী শনিবার দ্বিতীয় দিনের মতো পশ্চিম তীরের কাবাতিয়া শহরে বড় পরিসরের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। একদিন আগে দুই ইসরায়েলি নিহত ঘটনার পর এই অভিযান শুরু হয়। খবর আনাদোলু এজেন্সির।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেইত শেয়ান ও আফুলা শহরে শুক্রবার গাড়ি দিয়ে চাপা ও ছুরিকাঘাতের সমন্বিত হামলায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি কাবাতিয়া শহরের বাসিন্দা দাবি করে সেখানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
সূত্র জানায়, প্রায় ৪৪টি সামরিক যান ও কয়েকটি বুলডোজার কাবাতিয়ায় প্রবেশ করে, কারফিউ জারি করে এবং শহরের দিকে যাওয়া প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়।
তারা আরও জানায়, কাবাতিয়ার রাস্তায় রাস্তায় ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। বেশ কয়েকটি ভবনের ছাদে স্নাইপার অবস্থান নেয়। এছাড়া একটি সামরিক হেলিকপ্টার শহরের খোলা জায়গায় মেশিনগান থেকে গুলি চালায়।
সূত্রগুলো আরও জানায়, কাবাতিয়ায় অভিযুক্ত হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আর পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ইসরায়েলি বাহিনী বহু বাড়িতে অভিযান চালিয়ে ঘরের জিনিসপত্র ধ্বংস করে, সড়ক বুলডোজার দিয়ে তুলে ফেলে এবং অবকাঠামোর ক্ষতি করে।
স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তি পাওয়া কয়েকজন তরুণের হাত এখনো পেছনে বাঁধা ছিল।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় ১১ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন এবং প্রায় ২১ হাজার জনকে আটক করা হয়েছে।
